নাজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ভর্ৎসনা করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

ঘুষ-দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠা পিরোজপুরের নাজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ভর্ৎসনা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি ওই কর্মকর্তাকে ভর্ৎসনা করেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশারের উদ্দেশে বলেন, ‘আপনার বিরুদ্ধে শিক্ষকদের ব্যাংকঋণের জন্য সুপারিশ পেতে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে।’

এ সময় মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের সেবক। জনগণকে সেবা দেওয়া আপনাদের কর্তব্য। আর আপনারা আমাদের মেহমান, আমরা আপনাদের সঙ্গে ভালো আচরণ করব, এটা আমাদের কর্তব্য’। পরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী উপজেলা পরিষদের উদ্যোগে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মন্ত্রী শ ম রেজাউল করিম উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশারের উদ্দেশে বলেন, ‘আপনার বিরুদ্ধে শিক্ষকদের ব্যাংকঋণের জন্য সুপারিশ পেতে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ‘আমি কোনো অনৈতিক কাজে জড়িত না। ব্যাংকঋণের বিষয়টি ব্যাংকের বিষয়। আমার জানামতে শিক্ষা অফিসের কেউই অনৈতিক কাজে জড়িত নেই। শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ সঠিক না। তবে আমার অফিসের কেউ এমন কাজ করে থাকলে এসব অভিযোগের বিষয়ে আমি খতিয়ে দেখব।’

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।