নাজিরপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ১১ ব্যবসাপ্রতিষ্ঠান

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাঁওখালী বাজারের প্রবীর কর্মকারের স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের মুদি, লাইব্রেরি, বিকাশ, প্রসাধনী, লেপ–তোশক, কাপড়ের দোকানসহ ১১টি ব্যবস্থাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে নাজিরপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারপরও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হবে।

অগ্নিকাণ্ডের পর আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।