নাজিরপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে এক তরুণীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে তিনজনকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই তরুণী বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। আজ দুপুরে ওই মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মো. কবির হোসেন গাজী, রাব্বি শেখ ও হৃদয় গাজী।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া আজ দুপুরে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

পুলিশ ও ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই তরুণীর বাবা–মা বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সময় ওই তরুণী বাড়িতে একা ছিলেন। ওই তিনজন রাত ১১টার দিকে তরুণীর ঘরে ঢুকে দলবদ্ধ ধর্ষণ করেন। রাতে তরুণীর বাবা–মা বাড়িতে আসার পর তাঁদের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলেন তিনি। আজ সকালে তরুণী বাদী হয়ে মামলা করেন।