নাজিরপুরে বাসচাপায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আবদুল্লাহ আল মামুন (২০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের নাজিরপুর উপজেলার সীমান্তবর্তী চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল মামুন উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আবদুল কাইউম মোল্লার ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
হাসপাতাল ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে বোনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন আবদুল্লাহ আল মামুন। বেলা একটার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের নাজিরপুর উপজেলার সীমান্তবর্তী চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় পিরোজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিনাত তাসনীম বলেন, মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। যেহেতু দুর্ঘটনাটি চিতলমারী থানা এলাকায় হয়েছে, মামলা করতে হলে সেখানে করতে হবে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর বার্তার মাধ্যমে চিতলমারী থানা–পুলিশকে জানানো হবে।
নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার বলেন, নিহত মামুনের পরিবারের সঙ্গে কথা বলে মামলা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।