নাজিরপুরে বিজয়ী–পরাজিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের নারীসহ আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মধ্য কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পরাজিত ইউপি সদস্য প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থক মধ্য কলারদোয়ানিয়া গ্রামের মোস্তাফা কামাল (৬০), তাঁর স্ত্রী মানসুরা বেগম (৫৫), ছেলে সিরাজুল ইসলাম (২৭) ও এনায়েত হোসেন (৩০), পুত্রবধূ আসমা বেগম (২৩)। বিজয়ী প্রার্থী শাহ জালালের সমর্থক মো. আল আমীন বাহাদুর (৪৫), তাঁর ছেলে মো. সবুর বাহাদুর (২১) ও একই গ্রামের সুলতান মাহমুদ (৫০)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ জুন কলারদোয়ানিয়া ইউপিতে নির্বাচন হয়। ওই নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহ জালাল বিজয়ী হন। সম্প্রতি শাহ জালালের সমর্থক আল আমীন বাহাদুর ও সুলতান মাহমুদ পরাজিত সদস্য প্রার্থী সিরাজুলের সমর্থক মোস্তাফা কামালের ছেলে সিরাজুলকে কটূক্তি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম মীমাংসার জন্য গতকাল রাতে দুই পক্ষকে খবর দেন। তবে মীমাংসার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এনায়েত হোসেনের ভাষ্য, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তিনি তাঁর ভাই সিরাজুলকে নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁরা বাড়িতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের ওপর হামলা চালান। হামলার সময় ঘরে থাকা বিকাশ ও মুঠোফোন রিচার্জের কাজে ব্যবহৃত পাঁচটি মুঠোফোন ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে বলে দাবি করেন এনায়েত।
এনায়েত হোসেন বলেন, ‘আল আমীন বাহাদুরের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক আমাদের ওপর হামলা করেন। এতে আমার মা ও অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে।’ তবে হামলা অভিযোগ অস্বীকার করে আল আমীন বাহাদুর বলেন, ‘স্থানীয় জামায়াতের কিছু লোক আমাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছে। এতে আমিসহ তিনজন আহত হয়েছি।’
ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম বলেন, হামলার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষরা মোস্তাফা কামালের বাড়িতে হামলা করেছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আজ বুধবার দুপুরে বলেন, খবর শুনে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।