নাজিরপুরে শিশুকে মারধর ও কুপিয়ে জখম
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাতাবি লেবু খাওয়ার অভিযোগ তুলে মো. হামিম তরফদার (১১) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও কুপিয়ে মাথায় জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অতুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হামিম তরফদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামিম তরফদার উপজেলার অতুলনগর গ্রামের শাহেদুল তরফদারের ছেলে। সে স্থানীয় হাজি আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন ও আহত হামিমের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে হামিম তরফদার তার দাদার বাড়ির বাতাবি লেবুগাছ থেকে একটি বাতাবি লেবু পেড়ে কয়েকজন বন্ধু মিলে খেয়ে ফেলে। এ সময় প্রতিবেশী জাফর শেখ ভাবেন, হামিম তরফদার তার (জাফর শেখ) গাছের বাতাবি লেবু খেয়েছে। আজ দুপুরে হামিম তরফদার বাড়ির পাশের নদীতে গোসল করার সময় জাফর শেখ শিশুটিকে ডেকে বাতাবি লেবু খাওয়ার কথা জানতে চান। এ সময় হামিম তরফদার ওই বাতাবি লেবুগাছ তার দাদার বলে দাবি করে। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে জাফর শিশুটিকে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে মারধর করেন। এরপর দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে চলে যান। খবর পেয়ে পরিবারের লোকজন হামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জাফর শেখ বলেন, ‘গত মঙ্গলবার হামিম আমার গাছ থেকে বাতাবি লেবু চুরি করে খেয়েছে। বৃহস্পতিবার দুপুরে হামিমের কাছে বিষয়টি জানতে চাইলে সে আমাকে ঘুষি মারে। এতে তাকে একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। পরে হামিমের বাবা ও আত্মীয়স্বজন আমার ওপর হামলা করেন।’
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ ওঝা বলেন, হামিমের মাথায় জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম আজ বিকেল পাঁচটায় বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর এখনো পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’