নাটোর পৌরসভার ৩৪ জনকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
নাটোর পৌরসভার ৩৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের সুইপার কলোনি থেকে ছাঁটাই হওয়া কর্মী, তাঁদের স্বজন ও হরিজন সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ঝাড়ু এবং কোদাল নিয়ে মিছিল করে প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন। পরে সেখানে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি লক্ষ্মণ জামাদার, সাধারণ সম্পাদক সবুজ জামাদারসহ অন্যরা বক্তৃতা করেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা নাটোর পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন। করোনা মহামারিতে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে শহর পরিষ্কারে নিজেদের নিবেদিত করেছেন। অথচ ১৪ জুলাই তাঁদের ৩৪ জন কর্মীকে একযোগে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। কর্ম হারিয়ে তাঁরা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।
সাধারণ সম্পাদক সবুজ জামাদার বলেন, করোনাকালে শহরে দোকানপাট ও অফিস–আদালত বন্ধ থাকায় তাঁদের কাজকর্ম অনেক কমে গেছে। তাঁরা খাবারটুকুও জোগাড় করতে পারছেন না। এ অবস্থায় তাঁদের ছাঁটাই করা হলো। তাঁরা এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না। এই ছাঁটাই আদেশ প্রত্যাহার না করলে সব হরিজন শহরের পরিচ্ছন্নতার কাজ বন্ধ করে দেবেন। এতে শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
ছাঁটাইয়ের বিষয়ে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভার জনবল কমানোর নির্দেশনা পেয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কিছু পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করা হয়েছে।