নাটোর পৌরসভায় আ.লীগের উমা ও বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী শরিফুলের জয়
নাটোর পৌরসভায় মেয়র পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী। প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে মেয়র পদে জয় পেয়েছেন।
প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম শরিফুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে শরিফুল ইসলামের ভোটের ব্যবধান মাত্র ৯৯টি।
রোববার রাতে নাটোর এন এস সরকারি কলেজ মিলনায়তনে নাটোর পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম ফলাফল ঘোষণা করেন। ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন নারকেলগাছ নিয়ে ভোট পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।
আইনি জটিলতার কারণে ১৬ বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল রাতে তাঁর সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এ কে এম শরিফুল ইসলাম জগ প্রতীক নিয়ে ২ হাজার ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ময়নুর সুলতান ২ হাজার ১৮৮ ভোট। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহীদা খাতুন ১ হাজার ৬৩৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।