নাটোরে আচরণবিধি ভেঙে নৌকায় ভোট চাইলেন সাংসদ আবদুল কুদ্দুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের কানাইখালীতে জেলা আওয়ামী লীগের একাংশের অনুষ্ঠানে নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উমা চৌধুরীর পক্ষে ভোট চান নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস
ছবি: প্রথম আলো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আসন্ন নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উমা চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আবদুল কুদ্দুস। আজ সোমবার সকালের এ ঘটনায় সাংসদকে সতর্ক করে নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর শহরের কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগের একাংশ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে যোগ দেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, সংরক্ষিত নারী আসনের সাংসদ ও নাটোর জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদসহ আওয়ামী লীগের নেতারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংসদ আবদুল কুদ্দুস মাইকে বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্যে তিনি সরাসরি নাটোর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী উমা চৌধুরীর জন্য ভোট চান। একপর্যায়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠান পৌর নির্বাচনী প্রচারণায় পরিণত হয়। একই সঙ্গে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান সাংসদ আবদুল কুদ্দুস।

এ বিষয়ে জানতে চাইলে সাংসদ আবদুল কুদ্দুস কোনো মন্তব্য করেননি।

সাংসদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ‘সাংসদ দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে যদি একজন মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাঁকে সতর্ক করে নোটিশ দেওয়া হবে। বিষয়টি নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করা হবে।’

১৬ জানুয়ারি নাটোর পৌরসভায় নির্বাচন হবে।