নাটোরে করোনা শনাক্ত ৭ হাজার ছাড়িয়েছে
নাটোর জেলায় করোনা শনাক্ত হওয়া মানুষের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। গত ৩০ দিনে জেলার তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা এক মাসে দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১২৩। এমন পরিস্থিতিতেও নাটোরে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরে গতকাল বুধবার নতুন করে আরও ১৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ৭ হাজার ১২২। আজ আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়। ৩০ দিন আগেও (৪ জুলাই) এ সংখ্যা ছিল ৪ হাজার ১০২। অর্থাৎ এক মাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে ৩ হাজার ২০ জন। গড়ে প্রতিদিন শতাধিক মানুষ সংক্রমিত হয়েছেন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর মধ্যে গত ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩০ দিনে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাসে (৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত) মৃত্যু হয়েছিল ৩৩ জনের। অর্থাৎ মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব পাওয়া যায়নি। তবে রাজশাহী মেডিকেল কলেজ ও জেলার বিভিন্ন হাসপাতাল থেকে দেওয়া তথ্য থেকে জানা যায়, উপসর্গ নিয়েও প্রায় সমপরিমাণ রোগী মারা গেছেন।
শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও নাটোরে করোনা চিকিৎসায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত জেলায় আইসিইউ ব্যবস্থা চালু হয়নি। সিলিন্ডার উৎস থেকে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ চালু করা হলেও তাতে চাপ কম থাকায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহার করা যায় না। অক্সিজেন চাহিদা ১৫ লিটারের ওপরে গেলেই রোগীকে রাজশাহী বা বগুড়ায় পাঠানো হয়। দূরবর্তী এসব হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। আরটি–পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষার হার বাড়েনি। এখনো নমুনা দেওয়ার ছয় থেকে সাত দিন পর ফলাফল পাওয়া যাচ্ছে। তার আগেই উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু হচ্ছে।
এমন অবস্থায় নাটোরে কঠোর বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। আজ শহর ও শহরতলিতে মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। কিছু গোপনীয়তার মধ্যে সব ধরনের দোকানপাটে কেনাবেচা চলেছে। আগের মতো এখন আর শহরে পুলিশ বা আইনশৃঙ্খলা কমিটির কঠোর নজরদারি চোখে পড়ে না। শহরের বাইরের অবস্থা তো একেবারেই শোচনীয়। গ্রামের হাটবাজার যথারীতি চালু হয়ে গেছে। গাদাগাদি করে যাত্রী নিয়ে ছোট ছোট যানবাহন চলছে অবাধে।
জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার পর মানুষের চলাচল কিছুটা বেড়েছে। তবে পুলিশ-ম্যাজিস্ট্রেট এখনো মাঠে রয়েছে। দোকানপাট বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে।
জেলার সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, অনেক জায়গার মতো নাটোরেও পরিস্থিতি আগের তুলনায় কিছুটা খারাপ হয়েছে। তবে করোনা রোগীদের সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহে ঘাটতি নেই। কিন্তু লিকুইড অক্সিজেন সরবরাহ ব্যবস্থা না থাকায় উচ্চ চাপের অক্সিজেন দেওয়া যাচ্ছে না। আইসিইউ ও আরটি–পিসিআরের মতো সমস্যার সমাধান করা যায়নি। সমাধানের চেষ্টা চলছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। নিজের ভালোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।