নাটোরে করোনার মধ্যে দল বেঁধে মাদক সেবন বেড়েছে, আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল বেঁধে মাদকসেবনের অপরাধে শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার বাবুর পুকুরপাড় থেকে ১১ জনকে আটক করেছে র‌্যাব
ছবি: প্রথম আলো

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি নাটোর সদর উপজেলায় দল বেঁধে মাদক সেবনের প্রবণতা বেড়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার একডালা গ্রামের বাবুর পুকুরপাড় থেকে ১১ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।

নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করে তাঁদের সবার শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নারায়ণপাড়ার সাদেরুল ইসলাম (৪০), লোটাবাড়িয়ার জয়নাল আবেদিন (৩৫), বড়গাছার মো. নয়ন (১৯), মো. মাহবুব (৩০), শরিফুল ইসলাম (২০), চন্দ্রপুরের আরিফুল ইসলাম (২৭), সাতনি দিয়ারের আশিক ইসলাম (২০), হাফিজুল ইসলাম (১৯), কানাইখালির দুলু শেখ (২৪), সাব্বির শেখ (২৪) ও কাপুরিয়াপট্টির নাঈম রহমান (২৪)।

নাটোর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় একডালা গ্রামের বাবুর পুকুরপাড়ে দলবদ্ধ হয়ে বেশ কয়েকজন গাঁজা সেবন করছিলেন। এ সময় তাঁদের কারও মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি না মেনে তাঁরা ছোট একটা জায়গায় গাদাগাদি করে মাদক সেবন করছিলেন। এ সময় র‌্যাব সদস্যরা সেখানে হানা দিয়ে ১১ জনকে আটক করেন। তাঁদের কাছ থেকে কিছু গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়েছে। রাতেই তাঁদের নাটোর সদর হাসপাতালে এনে ডোপ টেস্ট করা হয়। এতে প্রত্যেকের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে। আজ শনিবার সকালে তাঁদের সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সালাহউদ্দিন বলেন, শহর ও শহরতলিতে করোনা সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ। এ অবস্থায় সামাজিক দূরত্ব ঠিক রাখাসহ স্বাস্থ্যবিধি মানা খুবই জরুরি হয়ে পড়েছে। অথচ দলবদ্ধ হয়ে মাদক সেবনের প্রবণতাও বেড়ে গেছে। র‌্যাব বিষয়টি পর্যবেক্ষণে রেখে মাদক সেবনের স্পটগুলোতে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বাবুর পুকুরপাড় থেকে ১১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।