নাটোরে করোনায় সংক্রমিত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী শরিফুল ইসলাম

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নাটোরের বনপাড়া কালিকাপুর বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম (৫৮) মারা গেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি এক শিশুকন্যা, স্ত্রী, ভাই-বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শরিফুল উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা গ্রামের মৃত আনোয়ারুল হক কবিরাজের বড় ছেলে। তাঁর মৃত্যুতে বনপাড়াসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নিহতের চাচাতো ভাই বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জানান, ১৫ আগস্ট শরিফুল ইসলামের শ্বাসকষ্ট শুরু হলে জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবশেষে আজ বেলা সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।