নাটোরে চিকিৎসক ও তাঁর মা–বাবাকে গ্রেপ্তার করে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুমনা সরকার (৪৫) ও তাঁর মা–বাবাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত তাঁদের কোর্ট হাজতে রাখার নির্দেশ দেন। বেলা আড়াইটা পর্যন্ত তাঁদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি।

এর আগে হত্যার প্রস্তুতি গ্রহণসংক্রান্ত এক মামলায় গতকাল বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমান তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ অক্টোবর নাটোর জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অজিত কুমার বিশ্বাস বাদী হয়ে সুমনা সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। হত্যার প্রস্তুতি নেওয়ার অভিযোগে দায়ের করা এই মামলাটি দুই দফা তদন্ত হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত মামলার আসামি নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সুমনা সরকার, (৪৫) তাঁর বোন একই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাগরিকা সরকার (৩০), করুণা রানী সরকার (৫৫), বাবা সুনীতি রঞ্জন সরকার (৬০) এবং সহযোগী মো. মাসুমের (৫০) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

গতকাল মামলাটির শুনানির তারিখ ছিল। আদালতে মামলাটি উঠলে বাদীর আইনজীবী আদালতকে জানান, আসামি সুমনা সরকার ও সাগরিকা সরকার সরকারি চিকিৎসক। তাঁরা সদর থানা ভবনের অদূরেই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন। এই শহরেই তাঁরা বিচরণ করেন। অথচ পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। আদালতকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।

আদালতের আদেশ পাওয়ার পর গতকাল রাতেই পুলিশ চিকিৎসক সুমনা সরকারের বড়গাছার বাড়িতে অভিযান চালান। সেখান থেকে ওই চিকিৎসকের মা ও বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পালপাড়ার অন্য একটি বাড়ি থেকে চিকিৎসক সুমনা সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বেলা ১১টার দিকে ওই তিনজনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কোর্ট হাজতে রাখার নির্দেশ দেন। বেলা আড়াইটা পর্যন্ত তাঁদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। তবে বিএমএ নাটোর জেলা শাখার নেতারা ও জেলা আইনজীবী সমিতির নেতারা এ ব্যাপারে সমঝোতা করার জন্য বৈঠকে বসেছেন। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, চিকিৎসক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা চলছে। সম্মানজনক সমাধান হলে মীমাংসা হবে। একই কথা বলেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর শাখার সভাপতি জাকির হোসেন।

আরও পড়ুন