নাটোরে ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই মাদ্রাসাছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পাঁচ বছর বয়সী ছেলেটি বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এ সময় প্রতিবেশী মজির উদ্দিন মৃধা (৬৫) শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এতে অসুস্থ হয়ে পড়ে ওই মাদ্রাসাছাত্র। বাড়িতে ফিরে মাকে সব জানালে তাঁরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে জানান। তিনি অভিযুক্ত বৃদ্ধের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন। পরে নির্যাতিত শিশুর মুখোমুখি করলে ধর্ষণের কথা তিনি স্বীকার করেন। এরপর গতকাল সন্ধ্যায় বাগাতিপাড়া থানায় মামলা করেন শিশুটির বাবা। রাত নয়টার দিকে পুলিশ অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মজির উদ্দিন মৃধা নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকারও করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।