নাটোরে তিন সপ্তাহে করোনা রোগী বেড়েছে ১০ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

নাটোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। মে মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা রোগীর সংখ্যা ছিল ১৪। চতুর্থ সপ্তাহে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে হয়েছে ১৩০। এ পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা না করলেও স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য কঠোর অবস্থান নিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরে ১১ থেকে ১৬ মে পর্যন্ত এক সপ্তাহে রোগী শনাক্ত হয় ১৪ জন। পরের সপ্তাহে অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত রোগীর সংখ্যা হয় ৪৯। সর্বশেষ ২৪ থেকে ৩১ মে পর্যন্ত রোগীর সংখ্যা হয় ১৩০।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ১ জুন ৩২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ১৭ জন। আজ বুধবার ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ গত দুদিনে শনাক্তের হার ৫১ দশমিক ৯ ভাগ। এ ছাড়া গত তিন দিনে করোনায় মারা গেছেন তিনজন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। সংক্রমণ হয়েছে ১ হাজার ৮০০ জনের। সদর হাসপাতালে ৩২ জন করোনা রোগী ভর্তি আছেন।

করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ার কারণে জেলা করোনা প্রতিরোধ কমিটি মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভা করে। সভায় আনুষ্ঠানিকভাবে নাটোরকে লকডাউন করা না হলেও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে মাইকিং করে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে রিকশা ও বাইক ছাড়া অন্য কোনো যানবাহন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। খাবারের হোটেলে বসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সিংহভাগ সংক্রমণ শহরে হওয়ায় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সারা দিন শহরে অবস্থান করছেন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, ‘নাটোরের করোনা পরিস্থিতি ভালো না। আমরা লকডাউনের সুপারিশ করেছি। তবে জেলা কমিটি লকডাউনের আদলে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থান নিয়েছে। এখন বাঁচার স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এতে পরিস্থিতির উন্নতি হতে পারে।’

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে বিপুলসংখ্যক পুলিশকে কাজে লাগানো হয়েছে। রাত দিন তারা রাস্তায় অবস্থান করছে। শহরে লোকজনের চলাফেরা অনেকটা কমেছে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, সংক্রমণের হার বাড়তে থাকায় একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত নিয়ে শহর পর্যবেক্ষণ করছেন। এতে পথচারী ও ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগের চেয়ে বেশি সচেতন হয়েছেন। এরপরও আগামী কয়েক দিন সংক্রমণ হার কোন পর্যায়ে যাচ্ছে, তা বিবেচনা করে লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।