নাটোরে দুই ঠিকাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণে দুর্নীতির অভিযোগ আমলে নিয়েছেন নাটোর সদর আমলি আদালত। একই সঙ্গে আদালত ওই সড়ক নির্মাণকাজের ঠিকাদার মীর হাবিবুল আলম ও মো. আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ রোববার বিকেলে আদালত ওই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণে অনিয়ম–দুর্নীতির বিষয়ে ৪ এপ্রিল প্রথম আলোতে ‘ঠিকাদারের সাশ্রয়ে সরকারি টাকা গচ্চা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ৭১ টেলিভিশনে একই বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এরপর ১৩ জুন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ স্বপ্রণোদিত হয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ওই অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

ওই অভিযোগ তদন্ত শেষে পিবিআই নাটোর কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমেদ ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন গত ১৩ জুলাই আদালতে জমা দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কার্যাদেশের শর্ত ভঙ্গ করে সড়কের মাটি উত্তোলন করায় দীর্ঘ মেয়াদে সরকারি সড়কের মারাত্মক ক্ষতিসাধন এবং সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য সওজ, তথা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ ছাড়া তদন্ত প্রতিবেদনে ওই সড়ক নির্মাণকাজে নিয়োজিত নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মীর হাবিবুল আলম ও ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমকে এ অনিয়মের জন্য দায়ী করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা কার্যাদেশের শর্ত ভঙ্গ করে সড়ক থেকে ৪১ হাজার ৯৭৫ ঘনমিটার মাটি কেটে ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৯২৩ টাকার ক্ষতিসাধনের অভিযোগের সত্যতা মেলে।

রোববার পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নাটোর সদর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমান ৪৩১ (সরকারি সড়কের মারাত্মক ক্ষতিসাধন) ও ৪০৬ (প্রতারণামূলক টাকা আত্মসাৎ) ধারার অভিযোগ আমলে নেন।

ওই দুই ঠিকাদারকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে এ ঘটনার জন্য বিচারক ঠিকাদার মীর হাবিবুল আলম ও মো. আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়।

একই আদেশে ওই আদালতের বিচারক সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন। এ আদেশ সওজের প্রধান প্রকৌশলী বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে।

নাটোর সদর আমলি আদালতের পেশকার আবদুল মজিদ ওই দুই ঠিকাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ঠিকাদার মীর হাবিবুল আলম জানান, তিনি আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আদালত সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার পরপরই তিনি সড়কের যে অংশের মাটি কেটে ক্ষতি করেছিলেন, তা ভরাট করে দিয়েছেন। বিষয়টি তিনি সওজকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন। তবে তাঁর ওই কাজের বিষয় তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে উঠে আসেনি।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে নাটোর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক শেখ জানান, তদন্তে সংঘটিত অপরাধের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কী ভূমিকা ছিল, তা উঠে আসেনি। প্রায় দেড় মাস ধরে সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের আশপাশে ঠিকাদার সরকারি সড়কের মাটি কেটে নিলেন। অথচ নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন না। এটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ না পেলে তা গোপনই থাকত। শেষ পর্যন্ত বিষয়টি নজরে নিয়ে আসায় বিজ্ঞ আদালত ও সাংবাদিকেরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।  

নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণে দুর্নীতির বিষয়ে গত ৪ এপ্রিল প্রথম আলোতে ‘ঠিকাদারের সাশ্রয়ে সরকারি টাকা গচ্চা’, ১৩ জুন ‘সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ স্বপ্রণোদিত হয়ে আমলে নিলেন আদালত’, ২৭ জুন ‘সড়ক সম্প্রসারণে করা গর্ত নিজ খরচে ভরাট করছেন সেই ঠিকাদার’ এবং ৩০ জুন ‘তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেল পিবিআই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।