‘ধনী’ হতে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের ভাগনে আলহাজ্ব প্রামাণিককে (৮) অপহরণ করেছিলেন কামরুল হাসান (২৫)। মুঠোফোনে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে গিয়ে ধরা পড়েন তিনি। তাঁর দেওয়া তথ্যে ঢাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকে। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামে।
সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে আলহাজ্ব প্রামাণিককে অপহরণের কথা স্বীকার করেন কামরুল হাসান। কামরুল বাগডোব গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এই অপহরণ মামলার আসামিদের তিন দিনের মধ্যে শনাক্ত ও অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে নাটোর জেলা পুলিশ।
আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত শনিবার বেলা ১১টার সময় বাগডোব গ্রামের আক্তার প্রামাণিকের বাড়ির সামনে থেকে অপহৃত হয় তাঁর ছেলে আলহাজ্ব প্রামাণিক। গত রোববার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি আক্তার প্রামাণিককে ফোন করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় ছেলের সঙ্গে তাঁকে মুঠোফোনে কথা বলিয়ে দেয় অপহরণকারীরা। ওই দিন থানায় আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়।
অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে জেলা পুলিশের পক্ষ থেকে পাঁচটি দল গঠন করা হয়। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম পাঁচটি দলের সমন্বয়ের দায়িত্ব নেন। যে ফোন থেকে মুক্তিপণ দাবি করা হয়, সেই ফোন নম্বরটি বগুড়ার দুপচাঁচিয়ায় নিবন্ধন করা হয়েছে বলে নিশ্চিত হন তিনি। একই এলাকা থেকে বড়াইগ্রাম থানার বিদ্যুতের মিটার চুরির একটি চক্রের মুঠোফোনের নিবন্ধনের সাদৃশ্য পাওয়া যায়। তাৎক্ষণিক অনুসন্ধানে তিনি জানতে পারেন, রুবেল হোসেন নামের এক যুবক অপহৃত শিশুর মামা (চাচাতো) কামরুল হাসানের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুবাদে তিনি সোমবার রাতে কামরুলকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরার মুখে তিনি আলহাজ্বকে অপহরণের কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য যাচাইবাছাই করতে গিয়ে কাছিকাটা টোলপ্লাজার সিসিটিভির ফুটেজ থেকে আলহাজ্বকে দুপচাঁচিয়ার রুবেলের কাছে হস্তান্তরের একটি ফুটেজের সন্ধান পান। রাতেই দুপচাঁচিয়া ও ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে রামপুরা থেকে আলহাজ্বকে উদ্ধার করে পুলিশ।
আজ অপহৃত আলহাজ্ব ও অভিযুক্ত কামরুলকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করা হয়। এ সময় কামরুল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের কাছে অপহরণের ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন আসামির জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি কামরুল কিছুদিন আগে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে কারাগারে ছিলেন। ওই সময় তাঁর রুবেলের সঙ্গে পরিচয় হয়, গড়ে ওঠে বন্ধুত্ব। তাঁরা কারাগার থেকে মুক্ত হয়ে একে অপরের বাড়িতে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে কামরুল বন্ধু রুবেলের কাছে সহজে ধনী হওয়ার উপায় জানতে চান। তখন তিনি আলহাজ্বকে অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ধনী হওয়ার পরামর্শ দেন। তাঁর পরামর্শে তিনি গত শনিবার আলহাজ্বকে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে কাছিকাটা টোল প্লাজায় নিয়ে যান এবং রুবেলের হাতে তাকে তুলে দেন।
পরে রুবেল মুঠোফোনে মুক্তিপণ দাবি করে। এর আগে অপহৃত শিশু আলহাজ্ব একই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কামরুল ও রুবেল পেশাদার অপরাধী। তাঁরা সহজ উপায়ে ধনী হতে আলহাজ্বকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। তিন দিনের মধ্যে আমরা অপহরণ ঘটনার যাবতীয় তথ্য–প্রমাণ সংগ্রহ করে অপহৃত শিশুকে উদ্ধার করেছি এবং অপহরণকারীদের শনাক্ত করেছি। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
শিশুর বাবা আক্তার প্রামাণিক বলেন, ‘আমার চাচাতো শ্যালক কামরুল যে আমার ছেলেকে অপহরণ করবে, তা ভাবতেও পারিনি। তাঁকে আমি সন্দেহও করিনি। তবে পুলিশ তথ্য–প্রমাণ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করেছে। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় পেয়ে খুশি হয়েছি।’