নাটোরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা
নাটোরের লালপুর উপজেলার জোতদৈবকী দুর্গামন্দিরের একটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মন্দিরটির সভাপতি ও ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপেন সাহা বাদী হয়ে লালপুর থানায় মামলাটি করেন।
লালপুর থানা সূত্রে জানা যায়, গত রোববার রাতের কোনো এক সময় জোতদৈবকী দুর্গামন্দিরের পাশে শীতলাদেবীর একটি প্রতিমা ভাঙচুর করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুলবানীন দ্যুতি ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। পরে লালপুর উপজেলা মিলনায়তনে উপজেলার ৪২টি দুর্গামন্দির কমিটির সভাপতি ও পূজা উদ্যাপন পরিষদের নেতাদের নিয়ে সভা করে প্রশাসন।
সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল সোমবার রাতে মামলা করা হয়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে একটি নির্মাণাধীন বাড়ির সামনে থেকে প্রতিমার ভেঙে ফেলা মাথাটি উদ্ধার করা হয়েছে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির মুখোমুখি করা হবে।