নাটোরে ফোন পেলে ১০ মিনিটেই অক্সিজেন পৌঁছে দেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর পুলিশ লাইনস চত্বরে আজ মঙ্গলবার দুপুরে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেন। এখান থেকে রোগীরা বিনা মূল্যে অক্সিজেন সুবিধা পাবেন।
ছবি: প্রথম আলো

নাটোর শহরের করোনায় আক্রান্ত যেকোনো রোগীকে ১০ মিনিটের মধ্যে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ লাইনস চত্বরে ‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন শেষে জেলা পুলিশের পক্ষে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

অক্সিজেন ব্যাংক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মো. আবদুল বাতেন। এ সময় তিনি বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চলমান করোনা মহামারিতে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছে। অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা সেসব কাজের অন্যতম। নাটোর জেলার যেকোনো স্থান থেকে এই অক্সিজেন ব্যাংকের (০১৩২০-১২৪৫০৩) নম্বরে ফোন দিলে পুলিশ নিজ দায়িত্বে রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। যতটা লাগবে ততটা সরবরাহ করবে। অক্সিজেন সরবরাহ ও রোগী বহনের জন্য পুলিশ লাইনসে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ চারটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

উদ্বোধনী সভায় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রোগীর অবস্থান যদি নাটোর শহরে হয়, তাহলে ১০ মিনিটের মধ্যে তাঁর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। পৌর শহরের বাইরে সময় কিছুটা বেশি লাগতে পারে। হাসপাতালেও যদি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন পড়ে, তাহলে সেখানেও পৌঁছে দেওয়া হবে। বিনা মূল্যে ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকবে। এ ছাড়া রোগী পরিবহনেও দুটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। বিনা মূল্যে সিলিন্ডার সেট, টেকনোলজিস্ট সাপোর্ট ও প্রয়োজন শেষে সিলিন্ডার ফেরত নিয়ে আসার সেবা দেবে জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাণ অ্যাগ্রো লিমিটেড, পাকিজা গ্রুপ ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরীর সহযোগিতায় এই অক্সিজেন ব্যাংক চালু করেছে। শুরুতে ৫১টি সিলিন্ডার নিয়ে ব্যাংকের কার্যক্রম চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরীসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।