নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯
নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে মামলাটি করা হয়। গ্রেপ্তার আসামিদের আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর চার শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলায় পুলিশ বলেছে, গতকাল সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির কর্মীদের হামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন। নেতা–কর্মীরা পুলিশকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় বিএনপির অর্ধশত নেতা–কর্মী আহত হয়েছেন। অথচ পুলিশ মিথ্যা অভিযোগে বিএনপির শত শত নেতা–কর্মীকে আসামি করে মামলা দিয়েছে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাদাত মামলার বিষয়টি নিশ্চিত করেন।