নাটোরে ভোটারকে ঘুষ দেওয়ার অভিযোগে তরুণ আটক, এক এজেন্ট বহিষ্কার
ভোটারকে ঘুষ দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক এবং বুথে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৯টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের করমদোষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলার অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
জামনগর ইউনিয়নের করমদোষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল গণি সরকার জানান, সকাল ৯টার দিকে মো. শিমুল হোসেন (২২) নামের এক তরুণ ভোট কক্ষের সামনে একজন বৃদ্ধ ভোটারকে টাকা দেন। অন্য ভোটারদের অভিযোগ, তিনি ঘুষ হিসেবে এই টাকা দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই তরুণকে আটক করেছে। তবে আটক তরুণের দাবি, টাকা গ্রহীতা সম্পর্কে তাঁর নানা হন। তাঁকে যাতায়াত খরচ বাবদ ৫০ টাকা দিয়েছেন, এটা ঘুষ নয়।
একই কেন্দ্রে আবু হানিফ (২৫) নামের স্বতন্ত্র একজন চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট ভোটকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁকে ওই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আবু হানিফ জামনগর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি। নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাঁকে সম্প্রতি বহিষ্কার করা হয়।
এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বাগাতিপাড়া সদর ইউনিয়নের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের স্বরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্যানলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে দেখা যায়। এসব কেন্দ্রে ২ ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
সবচেয়ে বেশি ভোটারের উপস্থিতি ছিল স্যানলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল ৯টায় সেখানে গিয়ে দেখা যায়, নারী-পুরুষের দীর্ঘ সারি। সকালের রোদ গায়ে মেখে ভোটাররা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। মাহিমা বেগম নামের এক ভোটারের কোলে ছিল দেড় মাসের শিশু। ঘুমন্ত ওই শিশুকে নিয়ে তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন। কর্তব্যরত প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে সবার আগে ভোট দিতে সহযোগিতা করেন। মাহিমা বেগম বলেন, ‘দেড় মাসের বাচ্চা বাড়িতে রেখে তো ভোট দিতে আসা যায় না, তাই কোলে নিয়ে এসেছি। কর্মকর্তার সহযোগিতায় তাড়াতাড়ি ভোট দিতে পেরে ভালো লাগছে।’
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রতি ঘণ্টায় গড়ে ১০ শতাংশ ভোট পড়ছে। কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা নেই। সব প্রার্থীর এজেন্ট আছেন, তাঁদের কোনো অভিযোগ নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম জানান, বাগাতিপাড়ায় আজ ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন।
উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ১৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁকা ইউনিয়নে ৫ জন, জামনগর ইউনিয়নে ৫, সদর ইউনিয়নে ৬, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে ৬ এবং দয়ারামপুর ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বাগাতিপাড়া সদর ইউনিয়নে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৩ জন, যার মধ্যে নারী ভোটার ৫০ হাজার ৫০ এবং পুরুষ ৫০ হাজার ৩৩ জন।