নাটোরে মুখোশ-হেলমেট পরে পুরোহিতের ওপর হামলা
দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন নাটোর রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচি (৫২)। আজ সোমবার বেলা ১১টার দিকে মন্দির চত্বরে এ ঘটনা ঘটে। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসিত বাগচি ১৭ বছর ধরে ওই মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করছেন। হাসপাতালে চিকিৎসাধীন অসিত বাগচি বলেন, মন্দিরে ভোগদান শেষে তিনি বের হচ্ছিলেন। তখন মুখোশ ও হেলমেট পরে দুই যুবক তাঁর ওপর অতর্কিত হামলা করেন। একজন তাঁর ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি আটচালা মন্দিরের মেঝেতে পড়ে যান। অপরজন ধারালো লোহার শাবল দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এতে ডান পায়ের গোড়ালিতে আঘাতে লেগে রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকার শুনে স্ত্রী ক্ষমা রানী এগিয়ে আসেন। তখন হামলাকারীরা দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে মন্দিরের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র এসে পুরোহিত অসিত বাগচিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা খাতুন বলেন, অসিত বাগচির গোড়ালির কাছে একটা জখম আছে। সেখানে সেলাই দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন।
এ বিষয়ে অসিত বাগচির স্ত্রী ক্ষমা রানী বলেন, হামলাকারীদের হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট ছিল। তাঁদের চিনতে পারেননি। হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘মন্দির কমিটির সহসভাপতি মানিক চন্দ্র রায় ২৬ ফেব্রুয়ারি মন্দিরে গিয়ে আমার স্বামীকে চাকরি ছেড়ে দিতে বলেছিলেন। চাকরি না ছাড়লে হাড়হাড্ডি ভেঙে ফেলারও হুমকি দেন তিনি। তবে কী কারণে চাকরি ছাড়তে বলছেন, তা তিনি বলেননি। এর জের ধরেই আজকের ঘটনা ঘটতে পারে।’
মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র জানান, কমিটির কিছু লোক সম্প্রতি পুরোহিতের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে শুনেছি। এ কারণে এই ঘটনা ঘটতে পারে। হামলার পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না জানা নেই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন দুপুরে বলেন, তাঁরা লিখিত অভিযোগ পাননি। তবে খবর পেয়ে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। কী কারণে এ ঘটনা, তা অনুসন্ধান করা হচ্ছে। মন্দির কমিটির সহসভাপতি মানিক চন্দ্রের সঙ্গে পুলিশ কথা বলার চেষ্টা করছে। তবে তাঁকে পাওয়া যায়নি।