নাটোরে ৭০০ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ টেলিফোন ক্যাব্‌ল (তার) কেটে ফেলায় গত বুধবার দুপুর থেকে নাটোর শহরের ৭০০ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরের বড়গাছা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের একটি কালভার্ট পুনর্নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা তার কেটে ফেলেছে বলে বিটিআরসি কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

বিটিআরসি নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে শহরের পশ্চিম অংশের ৭০০ টেলিফোন সংযোগ বন্ধ হয়ে যায়। পরে অনুসন্ধান করতে গিয়ে কর্তৃপক্ষ জানতে পারে, বড়গাছা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের একটি কালভার্ট পুনর্নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা ক্যাব্‌লগুলো কেটে ফেলেছেন। তাৎক্ষণিকভাবে নাটোর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানতে পারেন, নির্মাণকাজে অসুবিধা হওয়ায় শ্রমিকেরা হ্যাকস ব্লেড দিয়ে প্রধান সরবরাহ লাইনটি কেটে ফেলেছেন। তিনি ঘটনাটি সড়ক ও সেতু বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

আবদুস সাত্তার বলেন, শহরের পশ্চিম অংশে তাঁদের গ্রাহকসংখ্যা বেশি। এই এলাকায় প্রাণ অ্যাগ্রো লিমিটেড, নাটোর সুগার মিল, নাটোর রেলস্টেশন, যমুনা ডিস্টিলারিজসহ গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ক্যাব্‌ল কেটে ফেলায় এসব প্রতিষ্ঠানের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ আবার চালু করতে ঢাকা থেকে গত বৃহস্পতিবার সকালে দক্ষ টেকনিশিয়ান আনা হয়েছে। তাঁরা কাজ শুরু করেছেন। তবে কাজ শেষ হতে আরও চার দিন সময় লাগবে। নির্মাণকাজে সমস্যা করায় শ্রমিকেরা এ ধরনের ক্ষতি করতে পারেন না। নির্মাণ কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের এ ব্যাপারে বিটিআরসিকে চিঠি দেওয়া উচিত ছিল। এ ঘটনার পর সড়ক বিভাগকে চিঠি দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়েছে। তারা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

এদিকে টেলিফোন সেবা বন্ধ থাকায় গ্রাহকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রিটিশ টোব্যাকো কোম্পানি লিমিটেড ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের নাটোর জেলার পরিবেশক আবদুস সালাম বলেন, হঠাৎ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। এতে তাঁদের ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তিনি অবিলম্বে টেলিফোন সংযোগ চালু করার দাবি জানান।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, নির্মাণাধীন কালভার্টের পূর্ব পাশে বিটিআরসির টেকনিশিয়ানরা ক্যাব্‌লের দুই প্রান্ত যুক্ত করার কাজ করছেন। কর্মরত টেকনিশিয়ান আবদুল লতিফ বলেন, তাঁকে জরুরি ভিত্তিতে নাটোরে এই কাজের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, এতগুলো স্পেয়ারের কাজ শেষ করা খুবই জটিল ব্যাপার। কবে নাগাদ কাজ শেষ করা যাবে, তা সঠিক করে তিনি বলতে পারছেন না।

এ ব্যাপারে কালভার্ট নির্মাণ প্রতিষ্ঠানের ঠিকাদার মীর আমিরুল ইসলাম জাহান বলেন, দীর্ঘদিন ধরে টেলিফোনের তারটি সরানোর জন্য বিটিআরসিকে জানানো হয়েছে। কিন্তু তারা পদক্ষেপ নেয়নি। কালভার্টের কাজ শেষ করতে শ্রমিকেরা রাত-দিন কাজ করছেন। তাঁদের অসাবধানতার কারণে তারটি কাটা পড়তে পারে। ক্যাব্‌ল মেরামতের জন্য সড়ক বিভাগের পাশাপাশি তিনিও সহযোগিতা করবেন। এ ধরনের পরিস্থিতির জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, নির্মাণ প্রতিষ্ঠানকে তার সরানোর জন্য বিটিআরসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম। কী কারণে এ ধরনের পরিস্থিতি হয়েছে, তা তিনি খোঁজ নিয়ে দেখছেন। তিনি বলেন, ক্যাব্‌ল মেরামত বাবদ বিটিআরসি কর্তৃপক্ষ যে ক্ষতিপূরণ দাবি করেছে, তা পূরণ করার চেষ্টা করা হবে।