নাতনি সম্পর্কের ২ কিশোরীকে ধর্ষণের মামলায় নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরী দুই বোনকে ধর্ষণের অভিযোগে একটি বাড়ির নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আবু বক্কর (৫৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নোয়াখালী জেলার সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জে থাকেন।

দুই কিশোরীর বাবা অভিযোগ করেন, একই এলাকায় বসবাস করায় অভিযুক্ত আবু বক্করকে তাঁর দুই মেয়ে (১৫ ও ১২ বছর) নানা বলে ডাকত। আবু বক্করও তাদের নাতনি হিসেবে স্নেহ করতেন। দুই বোন পোশাক কারখানায় কাজ করে। ৫ অক্টোবর রাতে দুই বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে তাদের ডেকে নেয় নিরাপত্তা প্রহরী আবু বক্কর। এ সময় ওই এলাকার একটি ভবনের নিচ তলায় নিয়ে গিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে অভিযুক্ত আবু বক্করকে ৬ তলার ওপরের একটি কক্ষের দরজা ভেঙে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই দুই কিশোরীর বাবা মঙ্গলবার সকালে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।