নাতনির জন্য নতুন জামা আনার কথা, বাড়ি ফিরলেন লাশ হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

খুব সকালে ঘুম থেকে উঠে পানের বরজের জমিতে কাজ করতে যাচ্ছিলেন ফরজ আলী। বাড়ির ফেরার পথে বাজারের কাপড়ের দোকান থেকে নাতনি সোহেলী খাতুনের জন্য লাল টুকটুকে একটি জামা আনার কথা ছিল তাঁর। কিন্তু সেটা আর হলো না। যাওয়ার পথেই বালুবোঝাই ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মেহেরপুর-মহাজনপুর আন্তজেলা সড়কের যতারপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত ফরজ আলীর (৬২) বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরজ আলী তাঁর পানের বরজে কাজ করার জন্য সাইকেলে চেপে মেহেরপুর-মহাজনপুর আন্তজেলা সড়ক দিয়ে যাচ্ছিলেন। যতারপর ব্রিজের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ফরজ আলীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ফরজ আলীর বড় মেয়ে সফিরন খাতুন বলেন, সারা দিন তাঁর মেয়ে সোহেলীকে কাঁধে করে নিয়ে বেড়াতেন বাবা। আজ সকালে নাতনিকে নতুন জামা কিনে দেবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু এর দুই ঘণ্টা পর বাবা বাড়ি ফিরলেন লাশ হয়ে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।