‘নাতিটা কহিলো ঢাকা থাকি ডাক্তার আসিবি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন। আজ সকালে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে
ছবি: প্রথম আলো

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকার ৭২ বছর বয়সী ক্ষিতীশ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন। স্থানীয় বিভিন্ন ডাক্তারের কাছে তিনি চিকিৎসা নিয়েছেন। ওষুধ সেবনে সাময়িক উপকার হলেও কয়েক দিন পর আবার ব্যথায় কাতরাতে হয়। দিনাজপুরের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সামর্থ্যও নেই তাঁর।  

ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক বিনা মূল্যে চিকিৎসা দেবেন শুনে আজ শুক্রবার সকালে চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসেছেন ক্ষিতীশ। তিনি বলেন, ‘হাঁটুর ব্যথায় হাঁটতে পারি না, কত ডাক্তার-কবিরাজ দেখাইনু ব্যথা সারোছে না। নাতিটা কহিলো এইঠেনা ঢাকা থাকি ডাক্তার আসিবি, তাই দেখাবার আসিনো।’

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আজ সকাল থেকে ক্ষিতীশ চন্দ্রের মতো অনেকেই এসেছেন কলেজ মাঠে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় এবি ফাউন্ডেশন তৃতীয়বারের মতো বিনা মূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছিল। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন।

বেলা বাড়ার সঙ্গে কলেজ মাঠে মানুষের ভিড় বাড়তে থাকে। হাত-পায়ের ব্যথার পাশাপাশি অনেকে এসেছেন নাক-কান-গলা, ডায়াবেটিস, থাইরয়েড, হৃদ্‌রোগ ও হাঁপানির সমস্যা নিয়ে। সরেজমিন দেখা যায়, মাঠের উত্তর প্রান্তে দুটি বুথ বসানো হয়েছে। এক বুথ থেকে স্লিপ নিয়ে রোগী ও তাঁর স্বজনেরা অপেক্ষা করছেন প্যান্ডেলের ভেতর। কলেজের কয়েকটি কক্ষে বসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। প্রথম বুথে রোগী তাঁর সমস্যার কথা জানালে সেখান থেকে নির্দিষ্ট চিকিৎসকের কক্ষে পাঠানো হচ্ছে। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে দ্বিতীয় বুথে দেখালে সেখানে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ।

রোগী দেখছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক এম আমজাদ হোসেন
ছবি: প্রথম আলো

মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে ছিলেন ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক এম আমজাদ হোসেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেডিসিন বিভাগের প্রফেসর সমীরণ কুমার সাহা, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালট্যান্ট মো. জিয়া উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক কনসালট্যান্ট এম আর ইসলাম, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ মোহাম্মদ আবুল খায়ের, মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ রেজাউল হক। এ সময় সেখানে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান, ফারাজ ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক তাহমিদ ইবনে মাজহার প্রমুখ উপস্থিত ছিলেন।

তাহমিদ ইবনে মাজহার বলেন, ফারাজ হোসেন ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। সঙ্গে বিনা মূল্যে ওষুধও সরবরাহ করা হচ্ছে। চিরিরবন্দর উপজেলায় ফাউন্ডেশন থেকে তৃতীয়বারের মতো মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ধারা ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।