নাতির কবর খুঁড়তে গিয়ে নানাও চলে গেলেন না–ফেরার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

আট দিন বয়সী নাতি অসুস্থ হয়ে মারা গেছেন। নাতি হারানোর চাপা কষ্ট বুকে নিয়ে পারিবারিক কবরস্থানে নাতির জন্য কবর খুঁড়তে গিয়েছিলেন নানা ফিরোজ আলম (৫৫)। সেখানেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নানাও চলে যান না–ফেরার দেশে। গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামে এ ঘটনা ঘটে। রাত নয়টায় একই মাঠে নানা-নাতির জানাজা শেষে একত্রে তাঁদের দাফন করা হয়। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত ফিরোজ আলমের বড় মেয়ে আঁখি আক্তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ৩ মার্চ আঁখির ঘরে একটি ছেলেসন্তানের জন্ম হয় এবং জন্মের আট দিন পরে অসুস্থ হয়ে গতকাল ভোরে শিশুটি মারা যায়। সকালে শিশুটির লাশ ঢাকা থেকে নানা ফিরোজ আলমের গ্রামের বাড়ি বাজিতা গ্রামে দাফনের উদ্দেশে রওনা হয়। এদিকে নাতি হারানোর কষ্ট বুকে চেপে ফিরোজ আলম নাতির লাশ দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খুঁড়তে যান। এ সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কবরস্থানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজ আলম।

ফিরোজ আলমের ছোট ছেলে ফয়সাল মাহামুদ প্রথম আলোকে বলেন, ‘ভাগনের লাশ বাড়িতে আসতে না আসতেই বাবা মারা গেলেন। ঢাকা থেকে ভাগনের লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালে পৌঁছানোর পরে শুনতে পাই, বাবা তাঁর নাতির জন্য কবর খুঁড়তে গিয়ে কবরস্থানে মারা গেছেন। আল্লাহ আমাদের পরিবারকে আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন, জানি না।’

পার্শ্ববর্তী বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, ‘মৃত ফিরোজ আলমের সঙ্গে বাজারের মসজিদে গতকাল একত্রে জুমার নামাজ পড়ে আমি বাড়ি যাই। এক ঘণ্টা পর জানতে পারি, নাতির জন্য কবর খুঁড়তে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফিরোজ আলমও মারা গেছেন। বিষয়টি খুবই বেদনাদায়ক।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মনির মজুমদার প্রথম আলোকে বলেন, ‘একই দিনে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা আমাদের এলাকায় প্রথম। মৃতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। নানা-নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাত নয়টার দিকে একই কবরস্থানে নানা-নাতির দাফন সম্পন্ন হয়েছে।’