নানা আয়োজনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ছবি: সংগৃহীত

গান, কবিতা আর স্মৃতিচারণায় বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩১তম মৃত্যুবার্ষিকী। মঙ্গলবার সকালে কবির গ্রাম মিঠাখালীতে শোভাযাত্রার আয়োজন করে রুদ্র স্মৃতি সংসদ।

শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০টার দিকে স্থানীয় শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে স্মরণ সভার আয়োজন করে রুদ্র স্মৃতি সংসদ। সংসদের সভাপতি ও কবির ছোট ভাই সুমেল সারাফাত এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখার সভাপতি নূর আলম, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, মিঠাখালী ইউপির চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল, সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

পরে কবির রচিত কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী এবং রুদ্রের গড়া সংগঠন ‘অন্তর বাজাও’। এর আগে কবির বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। সমাজের সব বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন রুদ্র তাঁর কবিতা, গানের মাধ্যমে বেঁচে থাকবেন।

মাত্র ৩৫ বছরের জীবনসীমায় রুদ্র রচনা করেন সাতটি কাব্যগ্রন্থ। এগুলো হলো উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল, গল্প, দিয়েছিলে সকল আকাশ ও মৌলিক মুখোশ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি ‘বিষ বিরিক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। এ ছাড়া রুদ্র বেশ কিছু গল্প লিখেছেন। তাঁর রচিত ও সুরারোপিত ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি জনপ্রিয়। এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনেও তিনি ভূমিকা রাখেন।