নানা কর্মসূচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গতকাল শনিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, শোভাযাত্রা, প্রবীণদের সম্মাননাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নীলফামারী: সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সৈয়দপুর সড়কে অবস্থিত প্রবীণ হিতৈষী সংঘের জেলা কার্যালয়ে যায়। সেখানে আলোচনা সভা হয়। এতে সংঘের জেলা সভাপতি আযিয উল হক সরকার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব। সেখানে সংঘের জ্যেষ্ঠ সদস্য শফিকুল হককে সম্মাননা হিসেবে একটি চাদর, জায়নামাজ ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে বয়সের কারণে প্রবীণদের সঙ্গে বৈষম্য না করার আহ্বান জানানো হয়।

পঞ্চগড়: সকালে প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখা শেরেবাংলা পার্ক থেকে শোভাযাত্রা বের করে। এটি শহরের প্রধান সড়ক ঘুরে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। সেখানে সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল সভাপতিত্ব করেন। সভায় জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক বক্তব্য দেন। শুরুতে সংঘের ১০ সদস্যের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় একজন পুরুষকে মমতাময় ও একজন নারীকে মমতাময়ী পুরস্কার দেওয়া হয়। শেষে নচিকেতার জনপ্রিয় ‘বৃদ্ধাশ্রম’ গানসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ঠাকুরগাঁও: সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি খলিলুর রহমান সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসক আবদুল আওয়াল বক্তব্য দেন।

লালমনিরহাট: জেলা প্রবীণ হিতৈষী সংঘ সকালে পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রা বের করে। এটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। সভায় বক্তব্য দেন সংঘের জেলা সভাপতি নজরুল ইসলাম মণ্ডল। এতে সংঘের জেলা শাখার বার্ষিক প্রকাশনা ‘অগ্রজ-২০১৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চক্ষুচিকিৎসক জাকিউল ইসলাম ফারুকী কার্যালয় স্থাপনের জন্য সোনালি পার্ক এলাকায় ১০ শতক জমি সংঘের নামে দান করার ঘোষণা দেন।