নানা বাধা–বিপত্তি পাড়ি দিয়ে ঢাকায় ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন ঢাকাগামী মানুষ। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

মাহবুব হোসেন (৪৫) চাকরি করেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঈদের ছুটি শেষে আজ শনিবার তিনি রাজবাড়ী সদরের সুরাজনগর গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাচ্ছেন। বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসেন।

আজ ভোরে সুরাজনগর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা এক হাজার টাকা ভাড়ায় মাহবুব দৌলতদিয়া ঘাট এলাকায় আসেন। এরপর ঘণ্টাখানেক অপেক্ষার পর ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে ১ হাজার ২০০ টাকা ভাড়ায় একটি মোটরসাইকেলে করে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা হন। তবে পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি আটক করে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে তল্লাশিচৌকির কাছে মাহবুব হোসেন বলেন, ‘ঈদের আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। লকডাউনে গাড়ি বন্ধ, তাই স্ত্রী-সন্তান বাড়িতে রেখেই ঢাকায় ফিরছি। অফিসে জরুরি কাজ থাকায় যেতে হচ্ছে।’ পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে হেঁটেই ঢাকার দিকে রওনা হন তিনি। তাঁর মতো আরও বেশ কয়েকজনকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হেঁটে ঢাকার দিকে যেতে দেখা যায়।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জরুরি প্রয়োজনে ঢাকায় ফিরছে মানুষ। মোটরসাইকেল, রিকশাভ্যান ও অটোরিকশায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদূরে মানরা এলাকায় এসে নামছেন তাঁরা। এরপর তাঁদের কেউ কেউ মাথায় পলিথিন মুড়ে বৃষ্টির মধ্যেই ঢাকার দিকে হাঁটতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর কেউ কেউ ব্যাটারিচালিত রিকশাভ্যান বা মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছেন।

সকাল ১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন ফরিদপুরের আবুল বাশার। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটিকে থামান ট্রাফিক পুলিশের এক সদস্য। এ সময় জানতে চাইলে আবুল বাশার পুলিশ সদস্যকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। কাল সকালে অফিসে যেতে না পারলে মালিকের ‘চরম মাশুল’ দিতে হবে। জরুরি কাজ থাকায় বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই ঢাকায় ফিরছেন। পরে পুলিশ মোটরসাইকেলটি ছেড়ে দেয়।

করোনার সংক্রমণ রোধে গতকাল শুক্রবার থেকে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বিধিনিষেধে বন্ধ রয়েছে গণপরিবহন। চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষকে কর্মস্থল ঢাকা ও এর আশপাশের এলাকায় যান। তবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকিতে রয়েছে পুলিশের কড়াকড়ি। চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা বিধিনিষেধভুক্ত গাড়ি, মোটরসাইকেল থামিয়ে জেরা করছেন। জরুরি পরিষেবা ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িকে ঢাকা-আরিচা মহাসড়কে করতে দেওয়া হচ্ছে না।

বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করতে দেখায় জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজীসহ আরও চার-পাঁচজন ট্রাফিক সদস্যকে। এ সময় কথা হলে আবুল হোসেন বলেন, বিধিনিষেধের আওতাভুক্ত গাড়িগুলোকে থামিয়ে উল্টো পথে পাঠানো হচ্ছে। অপ্রয়োজনে যাঁরা মোটরসাইকেল নিয়ে আসছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।