নানা সংকটের আবর্তে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি:সংগৃহীত

প্রতিষ্ঠার ১৬ বছর পরও নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো ইন্টারনেট সুবিধার আওতায় আসেনি এখনো। পরিবহনসংকট ও বিদ্যুতের সমস্যা আছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য নেই মহড়াকক্ষ। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে বসার মতো, আলাপ-আলোচনা করার মতো নির্দিষ্ট কোনো স্থান নেই। এটাই তাঁদের প্রধান সমস্যা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটি অরক্ষিত অবস্থায় থাকায় সেখান দিয়ে দ্রুত গতির যানবাহন নিয়মিত চলাচল করে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসেই আড্ডা দিতে হয়। কারণ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বসে গল্পগুজব করার মতো নির্দিষ্ট কোনো স্থান নেই। তবে বৈশাখী চত্বর নামে শিক্ষার্থীদের একটি আড্ডাস্থল থাকলেও সেটি এখন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন পার্কিংয়ের অস্থায়ী স্ট্যান্ডে পরিণত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২ নভেম্বর নগরের টিলাগড় আলুরতল এলাকায় ৫০ একর জায়গাজুড়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। সাতটি অনুষদের অধীনে ৪৭টি বিষয়ে এখানে পাঠদান হয়। সাতটি আবাসিক হলের মধ্যে পাঁচটি ছাত্রদের, দুটি ছাত্রীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা মাঠ হিসেবে শহরতলির শাহপরান বাইপাস এলাকায় রয়েছে ১২ দশমিক ২৯ একর জায়গা।

বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, ক্যাম্পাসে বসার মতো সুনির্দিষ্ট কোনো স্থান নেই। এটাই তাঁদের প্রধান সমস্যা। তাঁরা জানান, শিক্ষার্থীরা স্বাধীনভাবে কোথাও বসে আলোচনা করবেন, এমন পরিবেশ বিশ্ববিদ্যালয়ের কোথাও নেই। বৈশাখী চত্বরে শিক্ষার্থীদের বসার জন্য কয়েকটি বেঞ্চ পাতা থাকলেও ওই এলাকায় প্রায়ই যানবাহন পার্ক করে রাখা হয়।

* ২০০৬ সালে নগরের টিলাগড় আলুরতল এলাকায় ৫০ একর জায়গাজুড়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
* প্রায় তিন হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন।
* সাতটি আবাসিক হলের মধ্যে পাঁচটি ছাত্রদের, দুটি ছাত্রীদের।

হুমায়ুন রশীদ চৌধুরী হলের এক আবাসিক ছাত্র (২৪) জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের শিক্ষার্থীরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। ক্যাম্পাসে ইন্টারনেট ব্যবস্থা থাকলেও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়। অনেক শিক্ষার্থী ইন্টারনেট খরচ বহন করতে না পেরে প্রায়ই সংযোগ থেকে বঞ্চিত হন।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের চেয়ারম্যান মো. খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, ইন্টারনেট সেবাদাতা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি যোগাযোগ হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে ইন্টারনেট সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ বিভাগ কয়েক দিন পরপর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। এ ছাড়া ঝড়বাদলের দিনে প্রায়ই বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয় শিক্ষার্থীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে জরুরি কোনো সভা ও সেমিনার থাকলে বিদ্যুৎ বিভাগকে আগেভাগে জানিয়ে রাখতে হয়। তবে শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় ক্ষতি না হয়, সে জন্য হাইভোল্টেজ জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে।

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, ক্যাম্পাসের ভেতরে প্রধান সড়কটি দিয়ে স্থানীয় লোকজন নগরের বালুচর এলাকায় যাতায়াত করেন। ওই সড়কে প্রায়ই দ্রুত গতির যানবাহন চলাচল করে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হন শিক্ষার্থীরা।
ভেটেরিনারি অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্স অনুষদের চতুর্থ বর্ষের এক ছাত্র (২৩) অভিযোগ করেন, শিক্ষার্থীদের জন্য বাস পর্যাপ্ত থাকলেও চালকসংকটের কারণে শিক্ষার্থী পরিবহনে সমস্যা হচ্ছে।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে যানবাহন রয়েছে মোট ১৯টি। এর মধ্যে বাস রয়েছে পাঁচটি ও মিনিবাস দুটি। এ ছাড়া উপাচার্যের গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, শিক্ষকসহ আরও ১২টি গাড়ি রয়েছে। সব যানবাহনের বিপরীতে চালক মাত্র ১১ জন। চালকদের মধ্যে আবার বাসচালক রয়েছেন মাত্র দুজন। অন্য চালকেরা উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের গাড়ি চালিয়ে থাকেন। তবে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হয় পাঁচটি বাস।

কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক ছাত্রী (২২) বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক, ক্যারিয়ার উন্নয়নকেন্দ্রিকসহ নানা ধরনের ২০টি সংগঠন রয়েছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য কোনো মহড়াকক্ষ কিংবা অন্য সংগঠনগুলোর কার্যালয় হিসেবে ব্যবহার করার জন্য আলাদা কোনো কক্ষ নেই। কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য নেই মুক্তমঞ্চ।

এসব সমস্যার বিষয়ে রেজিস্ট্রার মো. বদরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যা হচ্ছে, সেসবের সমাধানেও আমরা নিরন্তর চেষ্টা করছি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এটি অনুমোদন হয়ে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’