নানান অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মোটরসাইকেলের চালকেরা
মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড় পার হচ্ছিলেন আলমপুর গ্রামের আসকার শেখ। নিজে মোটরসাইকেল চালিয়ে আমঝুপি বাজারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। কিন্তু কলেজ মোড়ে পুলিশের চেকপোস্টে যৌক্তিক কারণ দেখাতে না পারায় আসকারকে আবার বাড়িতে ফিরে যেতে হয়েছে। আজ শুক্রবার মেহেরপুর পৌর শহর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে পৌর এলাকার সড়কগুলো ছিল পুলিশ ও সেনাবাহিনীর দখলে। তবে নানান অজুহাতে মোটরসাইকেলের চালকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। মূল সড়কের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টের নজর এড়াতে শহরের অলিগলিগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক মোটরসাইকেলের চলাচল দেখা গেছে।
বোসপাড়ার একটি গলির মধ্যে মুদিদোকানের সামনে দুজন মোটরসাইকেলচালক দাঁড়িয়ে ছিলেন। লকডাউনে বের হওয়ার কারণ জানতে চাইলে বলেন, ‘হাসপাতালে রোগীর কাছে যাচ্ছি।’
এদিকে সকাল নয়টায় শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা বড় বাজার প্রাণহীন ছিল। ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ ছিল। এ সময় সেখানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ প্রচার মাইকে করোনা সংক্রমণ রোধে প্রচারণা কার্যক্রম চলতে দেখা যায়। এ ছাড়া শহরের হোটেল বাজার মোড়, কোর্ট পাড়া, বামন পাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, টিঅ্যান্ডটি মোড়ও ছিল ফাঁকা। মাঝেমধ্যে দ্রুতগতিতে কিছু অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেখা গেছে।
শহরের কালীমন্দির সড়কে ডাব বিক্রেতা মনছুর মিয়ার দেখা মেলে। তিনি বলেন, ‘কয়েক দিন আগে শহর আগের রূপ ফিরে পেয়েছিল। ঈদের কয়েক দিন ক্রেতাদের ভিড় লেগেছিল। আজকে একটি মানুষও নেই বাজারে। সকাল থেকে একটি ডাবও বিক্রি হয়নি। মানুষ না থাকলে কিনবে কে?’
যাত্রী না পেয়ে রিকশার ওপর দুই পা তুলে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন রিকশাচালক আজমত শেখ। গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বিরক্তির স্বরে বলেন, সরকার দেশের গরিব মানুষকে একবারে শেষ না করে ছাড়বে না। ঘন ঘন লকডাউন দিলে গরিবের ঘরে চুলাও জ্বলবে না।
এদিকে শহরের প্রধান সড়কগুলোতে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। বিনা কারণে বাইরে বের হওয়া ব্যক্তিদের সতর্ক করতে দেখা গেছে। তবে যাঁদের মুখে মাস্ক ছিল না, তাঁদের অনেককে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে শহরের কোর্ট মোড় এলাকায় অহেতুক মোটরসাইকেল নিয়ে বের হওয়ার কারণে ১২ জন যুবককে মোটরসাইকেল অধ্যাদেশ আইনে মামলা দিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, লকডাউনে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু—দুটোই বেড়েছে। এ কারণে এবার বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ আগের চেয়ে বেশি কঠোর থাকবে। গতবারের চেয়ে এবারে চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে।