নানাবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের
চাঁদপুরে নানাবাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে চাঁদপুর শহরের ডি এন উচ্চবিদ্যালয় মোড়ে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম সামির ইয়াসের ওরফে সুশান (১৯)। শহরের প্রফেসর পাড়ার ঠিকাদার সফিক পাটোয়ারীর ছোট ছেলে তিনি। সামির এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শহরের বাগাদী রোড এলাকায় নানাবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন সামির। ডি এন উচ্চবিদ্যালয় মোড়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সামিরকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সামিরের এক স্বজন জানিয়েছেন, এক মাস আগে সামির তাঁর নিজের জোগানো টাকা ও তাঁর দাদার দেওয়া টাকায় শখ করে মোটরসাইকেল কেনেন। সেই মোটরসাইকেলই তাঁর কাল হলো।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি বড়ুয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।