নানার বাড়িতে বেড়াতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁর রানীনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী মাহমুদুল আরেফিন রানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত রোববার সকাল থেকে তাঁর স্ত্রী উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বনপুকুর গ্রাম থেকে নিখোঁজ হন বলে জিডিতে উল্লেখ করেছেন মাহমুদুল।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের বাসিন্দা মাহমুদুল আরেফিন প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী গত ২৮ মে রানীনগরের বনপুকুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। দুই-তিন দিন পর সেখানে তাঁরও (মাহমুদুল) যাওয়ার কথা ছিল। কিন্তু ৩০ মে সকাল থেকে তাঁর স্ত্রী সেখান থেকে নিখোঁজ হয়ে যান।

এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও স্ত্রীর সন্ধান মেলেনি। নিখোঁজের দিন থেকে তাঁর স্ত্রীর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

৩০ মে এই বিষয়ে রানীনগর থানায় একটি জিডি করেন মাহমুদুল আরেফিন। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূকে উদ্ধারে পুলিশের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।