নান্দনিক ছাদবাগানে দিন কাটল গল্প-আড্ডা, কবিতায়
কিশোরগঞ্জের সদর উপজেলা পরিষদ ভবনের ছাদে তৈরি করা হয়েছে নান্দনিক এক ছাদবাগান। বাগান দেখতে ভিড় করছেন অনেকেই। ছাদবাগানে আড্ডা দিয়ে অনেকে সুন্দর সময় পার করেছেন। গত সোমবার দিনভর বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদ্যাপন করেছেন কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্যরা।
বন্ধুসভার সভাপতি লুৎফুন্নেছা চিনু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফসহ ২০ জন সদস্য ছাদবাগানে ঘুরতে যান। গল্প, আড্ডা, কবিতা আবৃত্তি করে আনন্দঘন দিনটি পার করেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান উপজেলা পরিষদ ভবনের ছাদে শেখ রাসেল ‘রুফটপ বোটানিক্যাল গার্ডেন’ নামে ছাদবাগান গড়ে তুলেছেন। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের মৌসুমি ফল, ফুল ও ঔষধি গাছ। আরও আছে গোলাপ, বেলি, গাঁদা, কামিনী, জবাসহ বাহারি ফুলের সমারোহ। ফলের মধ্যে আছে কমলা, মালটা, ডালিম, লেবু, পেয়ারা, জাম্বুরা, কাঁঠাল ইত্যাদি। দূর-দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছুটে আসছেন দৃষ্টিনন্দন ছাদবাগান দেখতে।
গাছের প্রতি ভালোবাসা থেকেই নিজ কার্যালয়ের ছাদে এমন বাগান করেছেন বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। তিনি বলেন, এই ছাদবাগানে আছে দুই শতাধিক প্রজাতির দেশি-বিদেশি ফুল, ফল, ঔষধি গাছ। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও বরেণ্য ব্যক্তিদের সম্পর্কে ধারণা দিতে বাগানে আছে দেশবরেণ্য ব্যক্তিদের ছবিসহ জীবন বৃত্তান্ত। আছে শেখ রাসেল ও বঙ্গবন্ধু কর্নার। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ছাদবাগানে আসেন। এতে শিক্ষার্থীরা গাছ লাগাতে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য ও দেশবরেণ্য ব্যক্তিদের সম্পর্কে জানতে পারছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন উদ্যোগের প্রশংসা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, তিনি এখানে যোগদান করেই এই ছাদবাগান দেখতে পান। ছাদবাগান দেখে তাঁর মনটা ভরে যায়। এমন পরিবেশে কাজ করতেও অন্য রকম ভালো লাগা কাজ করছে। তিনি আরও বলেন, উপজেলায় সেবা নিতে আসা সবার জন্য এ ছাদবাগান উন্মুক্ত।
ভালোবাসা দিবস ও বসন্তবরণের দিনে ছাদবাগান এমন আয়োজন করায় বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম। তিনি বলেন, এটা শুধু ছাদবাগান নয়। এখানে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার অনেক কিছু আছে। এটাকে একটি পাঠশালাও বলা চলে। এই ছাদবাগান দেশের অন্যান্য অফিস-আদালতের জন্য একটি মডেল হতে পারে।