নান্দাইল ও ঈশ্বরগঞ্জে বিশেষ টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ও ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে করোনার বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় করোনার টিকাদানকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে উপজেলার ৩৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদানকেন্দ্রও চালু থাকবে। তবে টিকা নেওয়ার সুযোগ শুধু নিবন্ধিত ব্যক্তিরাই পাবেন। এ ছাড়া ৬০ বছর বয়সী ব্যক্তিদের টিকাদানকেন্দ্রেই নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমাদের হাতে সাড়ে ১৯ হাজার ৫০০ টিকা আছে। সোমবার আরও কিছু টিকা আসতে পারে। মঙ্গলবারের বিশেষ টিকাদান কর্মসূচি কোনো বিঘ্ন ছাড়াই বাস্তবায়ন করা যাবে। প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৫০০ করে টিকা দেওয়া হবে।’

অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান জানান, ১১টি ইউনিয়নের পুরোনো তিনটি ওয়ার্ডে স্থাপন করা ৩৩টি কেন্দ্রে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫০০ করে টিকা দেওয়া হবে। এখানে সিনোভ্যাকের ১৮ হাজার টিকার মজুত আছে। আরও কিছু টিকা সোমবার রাতের মধ্যে চলে আসবে। টিকাদানকেন্দ্রেই ষাটোর্ধ্ব লোকজনকে নিবন্ধন করিয়ে টিকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অন্যদের খুদে বার্তা পাওয়া সাপেক্ষে টিকা দেওয়া হবে।