নান্দাইলে ইউপির দুটি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের দিন নৌকার প্রার্থীকে মারধর করার ঘটনায় বিচার ও দুটি ভোটকেন্দ্রের ফল আবার গণনার দাবি জানানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে নান্দাইল ইউনিয়নের রসুলপুর মুক্তবাজারে নৌকার নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুল হক।
এ সময় সেখানে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. সাইদুর রহমান, বাজার কমিটির সভাপতি মো. হাতেম আলী, স্থানীয় বাসিন্দা আবদুল লতিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক বলেন, গত বুধবার নির্বাচনের দিন রাত আটটায় দাতারাটিয়া ও সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল প্রকাশ করতে দেরি করা হচ্ছিল। এর কারণ জানার জন্য প্রথমে তিনি দাতারাটিয়া যান। সেখানে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে রাস্তায় ফেলে বেদম মারধর করা হয়। পরে তাঁর দুই স্বজন তাঁকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। মারধরের সময় পুলিশের সহায়তা চেয়েও তিনি পাননি। পরের দিন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে থাকেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই অভিযোগ ঠিক নয়। আমি নান্দাইলে বেশ কয়েকটি নির্বাচনী সভা করেছি। এসব সভা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। নৌকার প্রার্থী আনায়ারুল হক আমার কাছে কখনো সাংগঠনিক সহায়তা চাননি।’
আনোয়ারুল হক বলেন, দাতারাটিয়া ও সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল পুনর্গণনার দাবি জানিয়ে গতকাল তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে জানার জন্য স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
নান্দাইল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, আনোয়ারুল হক একটি আবেদন তাঁর দপ্তরে রেখে গেছেন। ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তাঁর এখতিয়ারের বাইরে। প্রার্থীকে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্লিখিত দুটি ভোটকেন্দ্রে কোনো ধরনের গোলযোগ হয়নি।