নান্দাইলে ইজিবাইকচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গ্রামীণ সড়ক থেকে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে তাঁকে হত্যার ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোশারফ হোসেন (২৪)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে। আজ বুধবার বেলা ১১টার দিকে নান্দাইলের খারুয়া ইউনিয়নের জামতলার একটি জঙ্গলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

চালকের বাবা সুলতান উদ্দিন বলেন, মোশারফ গোবিন্দপুর চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ শহরে ইজিবাইকে যাত্রী পরিবহন করতেন। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে মোশারফ কিশোরগঞ্জ শহরের বটতলা থেকে কয়েক যাত্রী নিয়ে নান্দাইলের সুরাটি বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারটি নান্দাইল ও হোসেনপুর উপজেলার মধ্যে অবস্থিত। যাত্রীরা তাঁর ছেলেকে রোগীর বাড়িতে যাওয়ার কথা বলে ভাড়া করেছিলেন। গভীর রাতে খবর পান, যাত্রীবেশী দুর্বৃত্তরা তাঁর ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ইজিবাইকটি ঘটনাস্থলের ২০-২২ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ চেষ্টা করছে। নিহত ব্যক্তির স্বজনেরা থানায় মামলা করেননি। তবে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।