নান্দাইলে ট্রাক্টর উল্টে খাদে, প্রাণ গেল দুই ভাইয়ের
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি চাষের ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন আতকাপাড়া গ্রামের মো. মোস্তফা (৩২) ও রাহাত মিয়া (২২)। তাঁরা চাচাতো ভাই।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বড় ট্রাক্টর দিয়ে নিজেদের জমি চাষ করে বাড়ি ফিরছিলেন দুই ভাই। ট্রাক্টরটি চালাচ্ছিলেন মোস্তফা। পাশে বসা ছিলেন রাহাত। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়েন দুই ভাই। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
নান্দাইল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য ফেরদৌস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তাঁরা আগেই মারা গেছেন। পরে নান্দাইল মডেল থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি হস্তান্তর করা হয়।