নান্দাইলে নিখোঁজের পরদিন অশীতিপর বৃদ্ধার লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ আজ বুধবার দুপুরে উপজেলার সিংরইল ইউনিয়নের এক খালের পাড় থেকে আছিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আছিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে মুরগি খুঁজতে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের নাতি মো. মোমিন মিয়াকে (২৩) আটক করেছে পুলিশ।
নিহত আছিয়া খাতুনের বাড়ি উপজেলার সিংরইল ইউনিয়নের ঢাকিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রিয়াছত আলীর স্ত্রী। আছিয়ার চার ছেলের মধ্যে তৃতীয় মো. মেরাজ মুন্সি সৌদি আরব প্রবাসী। তাঁর স্ত্রী বাড়িতে বসবাস করেন। দুই ছেলে সিরাজ ও আঙুর মিয়া স্ত্রী-সন্তান নিয়ে কর্মস্থল ঢাকায় থাকেন। আরেক ছেলে দুদু মিয়া স্ট্রোক করে অসুস্থ হয়ে বাড়িতে থাকেন।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আছিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে মুরগি খুঁজতে বের হয়ে নিখোঁজ হন।
মায়ের মৃত্যুসংবাদ পেয়ে সিরাজ ও আঙুর মিয়া ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। সিরাজ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মা মুরগি খুঁজতে বের হয়ে বাড়ি ফেরেননি। পরে বাড়ির সবাই তাঁকে খুঁজতে বের হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে গ্রামের লোকজন বাড়ির অনতিদূরে একটি খালের কিনারায় লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বড় ভাই মো. দুদু মিয়া ঘটনাস্থলে গিয়ে মায়ের লাশ শনাক্ত করেন। সিরাজ বলেন, তাঁর মায়ের গলা ও কানে সোনার গয়না ছিল। কিন্তু মরদেহের গায়ে কোনো গয়না পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে আসেন ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখের আহমেদ সিদ্দিকী।
ওসি বলেন, নিহতের মাথায় ভারী ও ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। এই আঘাতের ফলে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।