নান্দাইলে পশুর হাটে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

হাটে বিক্রি করার জন্য বাড়ি থেকে তিনটি গরু এনেছিলেন আবদুল কাদির। একটি গরু বিক্রি করতেই তাঁর সন্ধ্যা হয়ে যায়। বাবার খোঁজ নিতে গ্রাম থেকে সন্ধ্যার দিকে কাদিরের ছেলে মো. নাইম ইসলাম (১৭) হাটে আসে। তবে হাটে ঢোকার সময় বিদ্যুতের অরক্ষিত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গতকাল বুধবার রাত আটটার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বসানো অস্থায়ী পশুর হাটের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। নাইম ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের লঙ্গারপাড় গ্রামের আবুদল কাদিরের ছেলে। এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

আবদুল কাদির বলেন, বড় ছেলে শামীম ইসলামকে সঙ্গে নিয়ে গরু বিক্রি করার জন্য গতকাল দুপুরে তিনি ওই হাটে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত একটি গরু বিক্রি হয়েছিল। রাত হয়ে যাওয়ায় অন্য দুটি গরু ফেরত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁর ছোট ছেলে নাইম ইসলাম হাটের পশ্চিম দিকে জাতীয় চার নেতার ম্যুরালের পাশ দিয়ে হাটে ঢোকার সময় একটি অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

এ ঘটনার পর ওই হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাটের লোকজন নাইমকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরের মৃত্যুর খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।