নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের নান্দাইলে সড়কে দাঁড়িয়ে থাকা কাচবোঝাই একটি ট্রাককে গরুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত হন। আজ শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ফায়ার সার্ভিসের পূর্ব দিকে তসরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই মহাসড়কের জোড় পুকুরপাড় এলাকায় চাকা ফেটে একটি পাথরবোঝাই ট্রাক্টর উল্টে গেলে আরও একজন নিহত হন।
দুই প্রত্যক্ষদর্শী বলেন, আজ ভোর চারটার দিকে নাসির গ্লাসের কাচবোঝাই একটি ট্রাক তসরা এলাকায় পৌঁছানোর পর বিকল হয়ে যায়। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর গরুবোঝাই একটি ট্রাক কাচবোঝাই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে গরু ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। তাঁর সহযোগী মোস্তাকিনকে (৩২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নান্দাইলের তসরা এলাকায় সড়ক দুর্ঘটনায় চারটি গরুও মারা গেছে বলে জানান নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক। নিহত ব্যক্তিরা কিশোরগঞ্জ জেলার পুলেরঘাট এলাকার বাসিন্দা।
অন্যদিকে, নান্দাইলের তারঘাট বন্দর বাজার থেকে পাথরবোঝাই একটি ট্রাক্টর ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। জোড় পুকুরপাড় এলাকায় পৌঁছানোর পর একটি বড় চাকা ফেটে ট্রাক্টরটি উল্টে সড়কের ঢালে গিয়ে পড়ে। এতে চালকের সহকারী মানিক মিয়া (৩৫) ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের বাসিন্দা।
নান্দাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুটি ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।