নান্দাইলে তরুণীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার নান্দাইল মডেল থানায় মামলা করেছেন ওই তরুণী। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
মামলার বাদী তরুণীর (২৪) বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তিনি গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। গ্রেপ্তার হওয়া দুজন হলেন নান্দাইলের মো. নুরুল ইসলাম (৩৫) ও নুর উদ্দিন (৩৬)। দুজনই উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পালাহার গ্রামের বাসিন্দা।
তরুণী রোববার নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন। থানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তাই তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে মামলার এজাহারে তরুণী উল্লেখ করেছেন, নুরুল ইসলামের সঙ্গে তাঁর মুঠোফোনে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তরুণীকে ফোন করে নান্দাইলে ডেকে আনেন তিনি। এ সময় নুরুলের স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে তরুণীকে নিজের বাড়িতে রেখে ধর্ষণ করেন নুরুল ও তাঁর বন্ধু নুর উদ্দিন।
মামলার পর পুলিশ ওই তরুণীকে নিয়ে পালাহার গ্রামে অভিযান চালায়। সেখান থেকে নুরুল ইসলাম ও নুর উদ্দিনকে গ্রেপ্তার করে তারা।
যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।