নান্দাইলে যুবককে কুপিয়েছে কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জয়নাল মিয়া
প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের সড়কে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা।

পরে তাঁকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়েছে, ঘটনাস্থলের লোকজন তা সাংবাদিকদের বলছেন না। পুলিশও এ বিষয়ে কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছে।

গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত আচারগাঁও সেতুর প্রায় ৩০ গজ উত্তর দিকে একটি বহুতল ভবনের সামনে ওই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতের নাম মো. জয়নাল মিয়া (৩৮)। তিনি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। জরুরি বিভাগে উপস্থিত লোকজনের সূত্রে জানা যায়, টাকাপয়সার লেনদেনের ঘটনা নিয়ে প্রতিপক্ষরা তাঁকে কুপিয়েছেন। প্রতিপক্ষ কারা, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আহত ব্যক্তির কোনো স্বজনকেও হাসপাতালে পাওয়া যায়নি।

একটি সূত্র জানায়, আহত ব্যক্তির বড় ভাই মাসুদ মিয়াকে গতকাল রাতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এ বিষয়ে ওসি জানান, পুলিশ কাউকে আটক করেনি। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, জয়নাল মিয়ার বুকে ব্যান্ডেজ মোড়ানো। সেখানে চিকিৎসক আতিকুন্নেছা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রোগীর বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কিছুক্ষণ পর লোকজন এসে জয়নালকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ায় গভীর রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত জয়নাল মিয়ার সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি প্রথম আলোকে বলেন, আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা জয়নালকে কুপিয়েছে, সে বিষয়ে কিছু জানেন না ওসি। একটি সূত্র জানায়, আহত ব্যক্তির বড় ভাই মাসুদ মিয়াকে গতকাল রাতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এ বিষয়ে ওসি জানান, পুলিশ কাউকে আটক করেনি। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।