নান্দাইলে ১০৬ জন গ্রাহক বিদ্যুৎহীন সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযোগ নেওয়ার তিন দিন পর থেকে টানা এক সপ্তাহ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামের ১০৬ জন গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝড়ের কারণে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এ অবস্থা হয়েছে।

গতকাল শনিবার চামরুল্লাহ গ্রামের প্রায় ৫০ জন গ্রাহক নান্দাইল শহরে অবস্থিত কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ে যান। সেখানে কোনো কর্মকর্তাকে পাননি তাঁরা। কার্যালয় থেকে জানানো হয়, কর্মকর্তারা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে মিটিংয়ে গেছেন।

এ সময় ওই কার্যালয়ের সামনে কথা হয় মো. রেজাউল করিম, নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, দীন ইসলাম, পসর আলী ও রিপন মিয়াসহ প্রায় ৩০ জন গ্রাহকের সঙ্গে। তাঁরা বলেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান ৬ মে তাঁদের গ্রামে গিয়ে নতুন বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ১০ মে ১০৬ জন গ্রাহককে সংযোগ দেয়। ১৩ মে ঝড়ের কারণে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর সরবরাহ লাইন ত্রুটিমুক্ত করা হলেও তাঁরা বিদ্যুৎ পাননি।

দীন ইসলাম নামের একজন গ্রাহক বলেন, প্রথমে মনে হয়েছিল সরবরাহ লাইনের ত্রুটি সারানো হয়নি। কিন্তু গ্রামের অন্য পাড়ায় পুরোনো সংযোগগুলোয় বিদ্যুৎ চালু রয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, যে সরবরাহ লাইন দিয়ে ১০৬ জনের বিদ্যুৎসংযোগ চালু করা হয়েছিল সেটি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এর কোনো কারণ গ্রাহকদের জানানো হয়নি।

রেজাউল করিম বলেন, গত বুধবার রাত ১০টার দিকে তিনি অভিযোগকেন্দ্রের মুঠোফোনে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চান। ওই প্রান্ত থেকে তাঁকে শনিবার (গতকাল) পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আসতে বলা হয়। কাজকর্ম ফেলে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে তাঁরা কার্যালয়ে এসেছেন। কিন্তু কোনো কর্মকর্তার দেখা পাননি।

নান্দাইল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আজিজুর রহমান সরকার বলেন, ঝড়ের কারণে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এ অবস্থা হয়েছে। সংযোগগুলো চালু করে দেওয়া হবে।