নাফ নদীতে পণ্যবাহী ট্রলারডুবি, উদ্ধার ৫
টেকনাফের নাফ নদীতে বৃহস্পতিবার রাত আটটার দিকে সীমান্ত-বাণিজ্যের আওতায় বিভিন্ন ধরনের পণ্যবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারের পাঁচজন মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।
স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, মেসার্স এসআর শিপিং এজেন্সির নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশি বিভিন্ন ধরনের বিস্কুট ও কোমল পানীয়সহ প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের পণ্যসামগ্রী মিয়ানমারের মংডু শহরে রপ্তানি করছিল। রপ্তানি পণ্যগুলো স্থানীয় ব্যবসায়ী বেলাল উদ্দিনের। বৃহস্পতিবার সকালের দিকে চট্টগ্রাম থেকে পণ্যগুলো টেকনাফ স্থলবন্দরে এনে মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়ার পথে নাফ নদীর মাঝপথে দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। এ সময় একটি মাছ ধরার নৌকা এগিয়ে এসে ট্রলারের পাঁচজন মাঝিমাল্লাকে উদ্ধার করে। তাঁরা হলেন আব্দুস শুক্কুর, উমর আলী, নবী হোসেন, রহমত উল্লাহ ও আলী হোসেন।