নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির দুটি কোরাল

বড়শিতে ধরা পড়া নাফের কোরাল মাছ। দুটির সম্মিলিত ওজন ২৫ কেজি ৩০০ গ্ৰাম। বিক্রেতা এ মাছের দাম হাঁকিয়েছেন ২৫ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায়প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে এক জেলের বড়শিতে বড় আকৃতির এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে। একটির ওজন ১২ কেজি ৩০০ গ্রাম, আরেকটির ওজন ১৩ কেজি। ওই জেলের কাছ থেকে কিনে নিয়ে মাছ বিক্রেতা মাছ দুটির দাম হাঁকছেন ২৫ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মাছ দুটি বিক্রির উদ্দেশ্যে টেকনাফ পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে ফুটপাতে আনা হয়। এ সময় সাধারণ মানুষ ভিড় জমে যায়। স্থানীয় জেলে ও মাছ বিক্রেতারা বলছেন, বাজারে সাধারণত দু-তিন কেজি ওজনের কোরাল পাওয়া যায়। বড় হলে তা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে। ২৫ কেজির বেশি ওজনের দুটি কোরাল পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার।

মাছ দুটি ধরা পড়েছে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা কালা মিয়ার বড়শিতে। কালা মিয়া বলেন, তাঁর কোনো নৌকা নেই। আগে শ্রমিক হিসেবে দৈনিক মজুরিতে মাছ ধরতে যেতেন নাফ নদীতে। এখন নাফ নদীতে নৌকায় মাছ ধরা বন্ধ। তাই প্রতিদিন বড়শি নিয়ে নাফ নদীর ওপর নির্মিত শাহপরীর দ্বীপ জেটিতে তিনি মাছ ধরেন। প্রায় সাড়ে তিন বছর ধরে এভাবে বড়শিতে মাছ ধরতে বেরিয়ে প্রতিদিন কোনো না কোনো মাছ তাঁর বড়শিতে ধরা পড়ে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালের দিকে কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। পরে বিকেলের দিকে আবার বড়শি নিয়ে শিকারে নামেন। এক ঘণ্টার ব্যবধানে বড়শিতে দুটি বড় কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ী জহির আহমদ প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে ১৪ হাজার টাকায় কিনে নেন।

নাফ নদীতে নৌকায় মাছ ধরা বন্ধ থাকায় টেকনাফ ট্রানজিট জেটি ও শাহপরীর দ্বীপ জেটিতে দৈনিক দুই শতাধিক মানুষ বড়শিতে মাছ ধরে জীবন-জীবিকা চালাচ্ছেন।
বড়শিতে ধরা পড়া নাফের কোরাল মাছ দুটি বিক্রির উদ্দেশ্যে আনা হয় টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায়। মাছ দুটির সম্মিলিত ওজন ২৫ কেজি ৩০০ গ্ৰাম। বিক্রেতা এ মাছের দাম হাঁকিয়েছেন ২৫ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে
প্রথম আলো

মাছ দুটি ২৫ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে শুনে কালা মিয়া বলেন, ‘এত কিছু চিন্তা না করে আল্লাহর দেওয়া রিজিক হিসেবে পাওয়া মাছ দুটি অল্প দামে বিক্রি করেছি। এখন শুনছি মাছ ব্যবসায়ী প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকছেন।’

মাছ ব্যবসায়ী জহির আহমদ বলেন, এ মাছ দুটি কেটে বাজারে বিক্রি করলে প্রতি কেজি এক হাজার টাকার ওপরে বিক্রি হবে। তিনি ২৫ হাজার টাকা পেলে মাছ দুটি বিক্রি করবেন। এই দাম না পেলে ঢাকা-চট্টগ্রামের আড়তদারদের কাছে পাঠাবেন। তাতে আরও ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নাফের কোরাল খুবই সুস্বাদু। দীর্ঘদিন ধরে নাফ নদীতে জাল ফেলে মাছ ধরা বন্ধ থাকায় মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাঝেমধ্যে জেলেদের বড়শিতে বড় বড় মাছ ধরা পড়ছে।

মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, জেলেদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন, বিজিবি, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্যজীবী সংগঠনের সমন্বয়ে একটি বৈঠকের মাধ্যমে দিনের আলোয় নাফ নদীতে মাছ শিকারের ব্যবস্থা করা যায় কি না, সে চেষ্টা করবেন তিনি। এতে স্থানীয় লোকজন কম দামে মাছ কিনতে পারবেন এবং জেলেদের দুঃখ-দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে।

উপজেলা সমবায় সমিতির সভাপতি আবদুস সালাম বলেন, নাফে মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলে পরিবার কষ্টে দিন যাপন করছে। সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি জেলেদের মাছ ধরার সুযোগ দেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন তাঁরা। এর মধ্যে টেকনাফ ট্রানজিট জেটি ও শাহপরীর দ্বীপ জেটিতে দৈনিক দুই শতাধিক মানুষ বড়শিতে মাছ ধরে জীবন-জীবিকা চালাচ্ছেন। মাছ ধরা বন্ধ থাকায় পাঁচ শতাধিক নৌকা ও জাল নষ্ট হতে চলছে। এতে কয়েক শ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে নৌকা ও জালের মালিকদের।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালের এপ্রিল মাসের শুরুতে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবা পাচার বন্ধে মাছ শিকার বন্ধ করে দেয় প্রশাসন। এরপর একই বছরের ২৫ আগস্ট মিয়ানমার থেকে রোহিঙ্গার ঢল নামতে থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠায়। তখন থেকে নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ রয়েছে।