নাফ নদীতে ভাসছে ৩ নারী-শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসছে তিন নারী ও শিশুর লাশ। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী-মৌলভীবাজার এলাকার নদীতে লাশগুলো ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

এ খবরের সত্যতা নিশ্চিত করে বেলা একটার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নাফ নদীর বাংলাদেশ উপকূলে তিনটি লাশ ভাসতে দেখেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। থানায় আনার পর লাশের পরিচয় শনাক্ত করা হবে। তখন জানা যাবে, কীভাবে তাদের মৃত্যু হলো।

খারাংখালী এলাকাটি পড়েছে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। এই ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ হোসেন ঘটনাস্থল থেকে দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, নদীতে ভাসতে থাকা লাশের মধ্যে একজন নারী আছেন, যাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। একটু দূরে ভাসছে আরও দুটি শিশুর মরদেহ। তাদের বয়স ৭ ও ৩ বছর হতে পারে। এই নারী-শিশুরা মিয়ানমারের রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

ইউপি সদস্য জাহেদ হোসেন আরও বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাফ নদীতে ভাসমান লাশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু নাফ নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

খারাংখালী এলাকার স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নাফ নদী দুদিন ধরে উত্তাল। নদীতে মাছ ধরার নৌকাও নেই। তা ছাড়া সরকারের সিদ্ধান্তে নাফ নদীতে টানা তিন বছর ধরে স্থানীয় টেকনাফের জেলেদের মাছ ধরাও বন্ধ আছে। এমন পরিস্থিতিতে তিন নারী-শিশু কীভাবে ভেসে এখানে এল, তা নিয়ে আলোচনা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও ইয়াবা চোরাচালান বন্ধ নেই। মিয়ানমারের রোহিঙ্গারা নৌকায় ইয়াবার চালান নিয়ে আসছেন এই পাড়ে। সীমান্তরক্ষীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাও ঘটছে।