নাফ নদীতে ভেসে উঠল আরও ২ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদীতে আজ শনিবার সন্ধ্যায় এক বৃদ্ধা ও এক কিশোরী রোহিঙ্গার লাশ ভেসে উঠেছে। সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বিজিবি তল্লাশি চৌকি সংলগ্ন নাফ নদীতে লাশগুলো পাওয়া যায়। এর আগে সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপে নাফ নদী থেকে এক নারীর লাশ উদ্ধার হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, এখন যে দুজনের লাশ পাওয়া গেছে তার মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর, আরেকজনের বয়স ১৩ বছর হতে পারে। আর সকালে উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৫ বছর।

এ নিয়ে আজ পর্যন্ত বঙ্গোপসাগর ও নদী থেকে মোট ৫২ জন রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হলো। এর আগে গত বুধবার ৪ জন, বৃহস্পতিবার ১৯ জন ও শুক্রবার ২৬ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়।

গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যের ২০টির বেশি সীমান্ত ফাঁড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ। সেনাদের গুলিতে ইতিমধ্যে নিহত হয়েছে শতাধিক ব্যক্তি। রোহিঙ্গাদের শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাস্তুহারা রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করছে। আর নদী পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ওই ৫২ জন।