নাব্যতা-সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌঘাটে যানবাহনের দীর্ঘ সারি
পদ্মা নদীতে নাব্যতা-সংকটে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত শনিবার থেকে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দিনের বেলা ১৩টি ফেরির মধ্যে চলছে মাত্র ৪টি ছোট ফেরি।
ফেরিস্বল্পতায় দুই ঘাট এলাকায় আটকে আছে শত শত যানবাহন। এর মধ্যে বেশির ভাগ ট্রাক কয়েক দিন ধরে আটকা পড়ে আছে। ফলে ওই পথের যাত্রী ও পরিবহনশ্রমিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ফেরি না পেয়ে অনেক যাত্রী লঞ্চ ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।
দুই ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, এই নৌপথে দুই মাস ধরে নাব্যতা-সংকট ও স্রোতের কারণে অর্ধেকের বেশি ফেরি প্রায় বন্ধ রাখতে হতো। এর মধ্যে নদীর পানি কমতে থাকায় তিন-চার দিন ধরে নৌ চ্যানেলে নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে নদীতে তীব্র স্রোত। তাই চ্যানেলের মুখ দিয়ে ফেরি চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছিল।
এমনকি চ্যানেলে পলিমাটি জমে সৃষ্ট ডুবোচরে আটকা পড়ছে ফেরি। তাই শনিবার থেকে রাতের বেলায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দিনের সময়টাতে কখনো তিনটি, কখনো চারটি ছোট ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে কয়েক দিন ধরে দুই ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায় ঘাটের নৌ পুলিশ ফাঁড়ির মাঠে শতাধিক মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান। ঘাটের তিনটি সংযোগ সড়কেও যানবাহনের দীর্ঘ লাইন। ঘাটের পার্কিং ইয়ার্ড মাঠে ছোট-বড় যানবাহনের জটলা। গাড়ির নিচে বসে অলস সময় পার করছেন ট্রাকচালকেরা। ঘাটে নোঙর করে রাখা আছে কয়েকটি ফেরি।
ট্রাকচালক মো. নুরুল আমিন শেখ জানান, সিলেট থেকে গত বুধবার শিমুলিয়া ঘাটে এসেছেন। যাবেন মোংলা। কখন ফেরিতে উঠতে পারবেন, জানা নেই। সাইফুল ইসলাম নামের অপর এক ট্রাকচালক জানান, গত বৃহস্পতিবার ট্রাকে পশুখাদ্য বোঝাই করে ঘাটে এসেছেন। ফরিদপুরে যাবেন তিনি। এরই মধ্যে তাঁর খরচের টাকা শেষ হয়ে গেছে।
আজ দুপুরে কাঁঠালবাড়ি ঘাটেও প্রায়ই একই দৃশ্য চোখে পড়ে। প্রতিটি সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটের তিনটি টার্মিনালে আটকা পড়ে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক।
কথা হয় খুলনা থেকে আসা ঢাকাগামী যাত্রী মাহাবুব আলমের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১০টায় ঘাটে এসেছি। বেলা সাড়ে তিনটা বেজে গেলেও গাড়ি এখনো ফেরিতে উঠতে পারে নাই। এভাবে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হলে আমাদের দুর্ভোগ মাত্রা ছাড়িয়ে যায়।’
চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রাকের চালক জাহিদুল করিম বলেন, ‘আমরা আট দিন ধরে টার্মিনালে আটকা পড়ে আছি। গাড়িতে থাকতে হচ্ছে, এখানকার হোটেলে তিন বেলা খাইতে হচ্ছে। খুব কষ্টের মধ্যে আমাদের একেকটি দিন যাচ্ছে। ফেরিতে না তুলে বলা হচ্ছে অন্য পথে যেতে। কিন্তু অন্য পথে গেলেও আমাদের দুর্ভোগ। তাই বাধ্য হয়ে টার্মিনালেই পড়ে আছি।’
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. হিলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ট্রাকের সংখ্যাই বেশি। দিনের বেলায় মাত্র দু-চারটি ফেরি চলতে থাকলে ঘাটে অচলাবস্থা থাকবেই।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, একটি ফেরি চলতে সাড়ে সাত-আট ফুট পানি দরকার। সেখানে পানি আছে ছয় ফুট। দুই মাস ধরে এ সমস্যা চলছে। ড্রেজিং বিভাগ দিনে কাজ করে। যেহেতু রাতে ফেরি বন্ধ থাকে, সে সময়ও খননকাজ করতে হবে। এতে অচলাবস্থা কিছুটা কাটানো যেতে পারে। তিনি এ পথে যাতায়াতকারীদের বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেন।
অন্যদিকে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবদুল আলিম বলেন, ফেরিগুলো ডুবোচরে আটকে পড়ার আশঙ্কায় সীমিত পরিসরে যানবাহন লোড নেওয়া হচ্ছে। ফুল লোড নেওয়া হলে ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি। এই কারণেই ঘাটে যানবাহনের চাপ বেশি।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, পদ্মার চর ভেঙে মাটি চ্যানেল পথে আসছে। সেই সঙ্গে বন্যার পানির সঙ্গে প্রচুর পলি আসছে। নয়টি খননযন্ত্র দিয়ে দিনরাত কাজ করেও কুলিয়ে ওঠা যাচ্ছে না। খনন করার কিছুক্ষণের মধ্যেই ভরাট হয়ে যাচ্ছে। তাই নাব্যতা-সংকট দূর করা যাচ্ছে না।